সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তার পর রাতে শিশুকে ফেরত নিল বিজিবি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৪ জুন, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হেফাজতে থাকা এক বাংলাদেশি শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেরত আসা শিশুটির নাম জয়নাব বেগম (৯)। সে মধ্য কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং মধ্যকাশিপুর ঘগোয়ারপাড় এলাকার বাসিন্দা জামাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি এলাকায় বিএসএফের হেফাজতে একটি কন্যাশিশু থাকার খবর ছড়িয়ে পড়ে। এ সময় সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে শিশুটিকে হস্তান্তর নিয়ে আলোচনা চলে। পরে বিএসএফ শিশুটিকে ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায়।

শিশুটির মা নাজমা বেগম জানান, সকালে স্কুলে যাওয়ার সময় খাবার নিয়ে অভিমান করে জয়নাব বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের অজান্তেই সীমান্ত অতিক্রম করে ভারতের কোচবিহার জেলার একটি এলাকায় প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনা জানার পর পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করে। এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়।

শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর ৩ এস সাব-পিলারের নিকটবর্তী এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কাশিপুর বিওপির সুবেদার ইব্রাহিম।

বৈঠক শেষে রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে বিএসএফ শিশুটিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি জয়নাবকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন। কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর