এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ২৩ মে, ২০২৬
চট্টগ্রাম ব্যুরো :
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, তাঁর ভাই আবদুল্লাহ হাসানসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালত-১–এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।
অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী মো. এরশাদ জানান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে নেওয়া ৮৪ কোটি ৮৯ লাখ ১৭ হাজার টাকার ঋণ পরিশোধ না করায় ব্যাংকের দায়ের করা মামলায় আদালত এ আদেশ দেন। একই সঙ্গে অভিযুক্ত ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ডও দেওয়া হয়েছে।
পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড প্রসঙ্গে বেঞ্চ সহকারী মো. এরশাদ বলেন, ঋণের ২৫ শতাংশ টাকা জমা দিলে পরোয়ানা জারি হওয়া ব্যক্তিরা জামিন পেতে পারেন। সেক্ষেত্রে তাদের কারাদণ্ড ভোগ করতে হবে না। তবে কোনো টাকা পরিশোধ না করলে আদালতের নির্দেশ অনুযায়ী কারাদণ্ড কার্যকর হবে।
চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের হাত ধরে গড়ে ওঠা এস আলম গ্রুপ দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করে। তবে গত এক দশকে ব্যাংক খাত দখল, বিপুল ঋণ গ্রহণ, অর্থ পাচার ও আর্থিক অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি ব্যাপক আলোচনায় আসে।
বিভিন্ন অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে গ্রুপটি নামে-বেনামে হাজার হাজার কোটি টাকার ঋণ নেয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুধু ইসলামী ব্যাংক থেকেই গ্রুপটির ঋণের পরিমাণ কয়েক দফায় ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। পরবর্তীতে এসব ঋণের বড় অংশ খেলাপিতে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।