সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়ায় ঈদুল আজহা উপলক্ষে কোনো যানবাহনে ডিজে পার্টি করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
শনিবার সকালে সাটুরিয়া উপজেলা পরিষদে অনুষ্ঠিত মে ২০২৬ মাসের আইন-শৃঙ্খলা সভায় তিনি এ কথা বলেন।
সভায় বিভিন্ন সদস্যদের বক্তব্যের জবাবে ইউএনও বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে টংঘর বসিয়ে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার প্রবণতা বন্ধে অভিযান শুরু হবে। এছাড়া ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতোমধ্যে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সাটুরিয়া বাসস্ট্যান্ড ও বালিয়াটি জমিদার বাড়ি এলাকায় যানজট নিরসনে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান ইউএনও।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, আবুল বাশার সরকার, যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমীর হামজা, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান এবং সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

