শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার।

অভিযানকালে গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন মেসার্স খোকন ব্রিকসের দুটি ঘরে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই ইউনিয়নের কুড়ারপাড় বাজারের সার ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুত করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করে আসছে।

অভিযানে জব্দ করা সার পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ বলেন, ‘অবৈধভাবে সার মজুত করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কৃত্রিম সংকট ও কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর