ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজার এলাকায় দীর্ঘদিনের জমি–সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবার, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী বিরোধপূর্ণ জায়গার সামনে মানববন্ধন করে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভুক্তভোগী আব্দুল মান্নান ওরফে মন্নাছ (৫৬) জানান, তার পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় আব্দুল লতিফ ভূঁইয়ার ছেলে জামাল ভূঁইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০২১ সালে জামাল ভূঁইয়া ঈশ্বরগঞ্জ সহকারী জজ আদালতে মামলা করলেও আদালত আবেদন খারিজ করে মান্নানদের পক্ষে রায় দেন। আদালতের রায়ের পরও প্রতিপক্ষ সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, নান্দাইল উপজেলার আশরাফ উদ্দিন আকন্দ, মতি মিয়াসহ কয়েকজন ব্যক্তি—যাদের জমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই—নিয়মিত ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় গত ৪ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। তবুও হুমকি-ধমকি বন্ধ হয়নি, ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, প্রতিপক্ষ কয়েক দফা জোরপূর্বক জমিতে প্রবেশের চেষ্টা করেছে। প্রতিবাদ করলেই হামলার হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিবারটি মানববন্ধনে বাধ্য হয়েছে। তারা ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়া এবং জমি বিরোধের স্থায়ী সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি তদন্তে বিট পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক