অতিরিক্ত ভারে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

চরম ভোগান্তিতে ভূরুঙ্গামারীর সাধারণ মানুষ

0
140
ওভারলোডিংয়ে কুড়িগ্রামের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ইটবোঝাই একটি ট্রাকের অতিরিক্ত ভারে দুধকুমার নদের ওপর অবস্থিত সোনাহাট সেতুর পাটাতন ভেঙে পড়েছে। এতে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার সময় ইটবোঝাই একটি ট্রাক সেতুর স্টিল অংশে উঠলে অতিরিক্ত লোডের কারণে একটি পাটাতন ভেঙে ট্রাকটি দেবে যায়। এর ফলে সেতু দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, সোনাহাট সেতুর সর্বোচ্চ লোড ধারণক্ষমতা ১০ মেট্রিক টন হলেও দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে প্রায় ৩৯ মেট্রিক টন মালামাল বহন করা হচ্ছিল।

সোনাহাটে একটি ব্যাংকে কর্মরত মনির বলেন, “প্রতিদিনের মতো আজও সময়মতো বের হয়েছিলাম। এসে দেখি ট্রাকের অতিরিক্ত লোডে সেতুর পাটাতন ভেঙে গেছে। বাধ্য হয়ে নৌকায় নদী পার হয়েছি।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গরু ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন, মোঃ জাবেদ আলী ও মোঃ মজিবর জানান, মঙ্গলবার ভূরুঙ্গামারীতে সাপ্তাহিক গরুর হাট বসে। সকাল ৮টার মধ্যে হাটে পৌঁছাতে না পারলে ভালো জায়গা পাওয়া যায় না। তারা ভটভটিতে করে আটটি গরু নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেতু বন্ধ থাকায় নৌকায় পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন স্থাপনের অংশ হিসেবে দুধকুমার নদের ওপর প্রায় ১ হাজার ২০০ ফুট দীর্ঘ সোনাহাট রেলসেতু নির্মিত হয়। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে সেতুটির একটি অংশ ভেঙে দেওয়া হয়। স্বাধীনতার বহু বছর পর এরশাদ সরকারের আমলে সেতুটি মেরামত করে সড়ক যোগাযোগের উপযোগী করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, “ওভারলোডের কারণে সাধারণত মামলা হয় না, তবে জরিমানা আরোপের বিধান রয়েছে।”

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোঃ নিজাম উদ্দিন আহমেদ বলেন, “সেতুটির ধারণক্ষমতা ১০ টন হলেও ট্রাকটিতে প্রায় ৩৯ টন মালামাল ছিল। অতিরিক্ত লোডের কারণেই পাটাতন ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক মালিক ও ইট ক্রয়কারী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here