
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা–৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি বলেন, “যোগ্যতা ও উপযুক্ততার বিচারে হাবিবুর রহমান হাবিবের চেয়ে উপযুক্ত কেউ যদি এ আসনে থাকে, তবে জনগণের দায়িত্ব বিচার-বিবেচনা করা। তবে যিনি দীর্ঘদিন মানুষের জন্য লড়াই করেছেন, দিয়েছেন—কখনো নেননি, তাকেই ঈশ্বরদীবাসী মন খুলে সমর্থন দেবেন।”
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলহাজ্ব মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শিমুল বিশ্বাস আরও বলেন, “ঈশ্বরদীর উন্নয়নের জন্য যোগ্য, অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্ব প্রয়োজন। যিনি মানুষের মর্যাদাকে মুকুটের মতো ধারণ করেন, তাকেই এই আসনে সমর্থন দিয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং পাবনা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর।
সভায় বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, “বেগম খালেদা জিয়ার ত্যাগের বিনিময়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বারবার কারাবরণ করেও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন ছিলেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক
