বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে র‌্যাবের গাড়ি দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২২

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
দুর্ঘটনাকবলিত পিকনিকের গাড়ি ও বাস | ছবি - সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী সদরের আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় র‌্যাব সদস্যদের বহনকারী পিকনিকের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।

আজ শনিবার সকাল ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, র‌্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে র‌্যাবের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের এক শিশু প্রাণ হারায় এবং অন্তত ২২ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, র‌্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে র‌্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে একজন দুই বছরের শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তামান্না রহমান বলেন, ‘দুর্ঘটনার পর আমাদের হাসপাতালে ২০ থেকে ২২ জন আহতকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই বছরের একটি শিশু নিহত হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়