বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
প্রতীকী ছবি

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে তথ্য ফাঁস হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট।

শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে পুরস্কার দেওয়ার আগে সন্দেহজনকভাবে বাজির হার বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অসলো থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বাজির প্ল্যাটফর্ম ‘পলিমার্কেট’-এ মাচাদোর পুরস্কার জেতার সম্ভাবনা ৩.৭৫ শতাংশ থেকে প্রায় ৭৩ শতাংশে লাফিয়ে ওঠে।

অথচ কোনো বিশেষজ্ঞ বা সংবাদমাধ্যমে তার নাম পুরস্কারের সম্ভাব্য বিজয়ীদের তালিকায় পর্যন্ত ছিল না। কিন্তু কয়েক ঘণ্টা পরেই অসলোতে ঘোষণা করা হয় তার নাম।

নরওয়েজিয়ান সম্প্রচার সংস্থা এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য বিশ্লেষক রবার্ট নাস বলেন, ‘সাধারণত বাজির বাজারে এমনটা দেখা যায় না। এটা খুবই সন্দেহজনক।’

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, ‘পুরস্কারের ইতিহাসে আগে কখনও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে মনে হয় না। আমি কল্পনাও করতে পারি না যে এবার তা ঘটেছে।’

নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানিয়েছেন, কোন তথ্য ফাঁস হয়েছে কিনা তা তদন্ত করা হবে।

তিনি আফটেনপোস্টেন সংবাদপত্রকে বলেন, ‘তথ্য ফাঁস হয়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব।’

এএফপির অনুরোধে নোবেল ইনস্টিটিউট কোনো মন্তব্য করেনি। নোবেল কমিটির পাঁচ সদস্য ছাড়া খুব অল্প কয়েকজনই পুরস্কার বিজয়ীর নাম আগেভাগে জানেন।

তবে অতীতে কিছু মনোনীতের নাম অপ্রত্যাশিতভাবে নরওয়েজিয়ান সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল। তখন তথ্য ফাঁসের গুঞ্জন উঠলেও সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনা ঘটেনি। -বাসস

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়