সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দৌলতপুরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসভা অনুষ্ঠিত

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করে কলিয়া ইউনিয়ন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। এতে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মী অংশ নেন।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ সভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার।

কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মতিন মাস্টার, সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের মেয়ের জামাতা ব্যারিস্টার জাহিদুল করিম নয়ন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস।

সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী ও কলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা না গেলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এসব অপরাধ উন্নয়ন কর্মকাণ্ডের পথে বড় বাধা। তাই দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে অপরাধগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। একই সঙ্গে তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের পর জনগণের আস্থার প্রতি সম্মান জানিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ করা এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তিনি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জনসভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ