সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না’: মতিউর রহমান আকন্দ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের রাজনৈতিক সংস্কারের জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কিশোরগঞ্জের নেহাল গ্রিন পার্ক মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গত ১৭ বছরে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে দাবি করে মতিউর রহমান আকন্দ বলেন, বিএনপি, আওয়ামী লীগ ও এরশাদের শাসনামলেও বিভিন্ন সময়ে দলটির নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জামায়াত-শিবিরের ৪৬ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “জামায়াত জুলাই সনদ বিশ্বাস করে না—এ কথা কি পাগলেও বিশ্বাস করবে?” গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা ‘আধাসত্য’ বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯১ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, সে সময় তাঁর দল নিঃশর্তভাবে বেগম খালেদা জিয়াকে সমর্থন দিয়েছিল। জামায়াতের সমর্থন না থাকলে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব কী হতো, তা ভেবে দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মতিউর রহমান আকন্দ বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো জোট হয়নি। বরং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দুই দল একসঙ্গে আন্দোলন করেছিল।

সীমান্ত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, গত আট মাসে সীমান্তে ১৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির সমালোচনা করে মতিউর রহমান আকন্দ বলেন, “জনগণের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন, জনগণ তার জবাব দেবে।” জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে বিএনপির চেয়ে ৫০ গুণ ভালোভাবে দেশ পরিচালনা করবে দাবি করে তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় যাবে।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ