সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ব্রহ্মপুত্রের ভাঙনে জনজীবন বিপর্যয়: অনুমোদনের অপেক্ষায় ৮৫০ কোটি টাকার তীর সংরক্ষণ প্রকল্প

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

উত্তরাঞ্চলের নদীবিধৌত জেলা কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দশক ধরে চলমান এ ভাঙনে জেলার বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে গেছে, বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ।

জানা গেছে, ভারতের আসাম থেকে নেমে আসা ব্রহ্মপুত্র নদ নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর হয়ে প্রবাহিত হয়ে গাইবান্ধা ও জামালপুরের বাহাদুরাবাদে গিয়ে যমুনা নামে পরিচিত হয়।

নারায়ণপুর থেকে রাজিবপুর পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে ১৯৫০ সাল থেকে অব্যাহত ভাঙনে জেলার ভৌগোলিক চিত্র বদলে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার বহু ইউনিয়ন আংশিক বা সম্পূর্ণভাবে ভাঙনের শিকার হয়েছে। এতে কয়েক লাখ মানুষ একাধিকবার ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।

নদীভাঙনে কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনাসহ বিপুল সম্পদ নদীগর্ভে বিলীন হওয়ায় জেলার অর্থনীতি ও সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ব্রহ্মপুত্র নদের বাম তীর সংরক্ষণে প্রায় ৮৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করেছে। প্রকল্পের আওতায় রৌমারী, রাজিবপুর ও উলিপুর উপজেলার প্রায় ১৬ দশমিক ৩০৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির সম্ভাব্য মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। এতে উলিপুর উপজেলার সাহেবের আলগা, হবিগঞ্জ বাজার, নামাজের চর, সোনাপুর, ঘুঘুমারি ও সুখের বাতি এলাকা, রৌমারীর ফুলুয়ার চরঘাট এবং রাজিবপুর উপজেলার কোদালকাটি, হাজীপাড়া ও চর নেওয়াজী এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, প্রকল্পের প্রয়োজনীয় সমীক্ষা সম্পন্ন করে তা পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত ২ মার্চ মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও এখনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা জানান, তারা বারবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগে রয়েছেন। উলিপুর উপজেলার সাহেবের আলগা এলাকার বাসিন্দা মোঃ শরাফত আলী (৫৬) বলেন, ‘জীবনে পাঁচ বার ঘর বানাইছি, সবই নদীতে গেছে। এখন কোথায় থাকব বুঝি না।’

একই এলাকার মোছাঃ রাহেলা খাতুন বলেন, ‘নদী আমার সব নিয়ে গেছে। সন্তানদের নিয়ে অন্যের জমিতে থাকি, বর্ষা এলেই ভয় লাগে।’

রৌমারী উপজেলার ফুলুয়ার চর এলাকার কৃষক মোঃ জাইদুল ইসলাম (৫০) জানান, নদীগর্ভে তার ১০ বিঘা জমি বিলীন হওয়ায় এখন দিনমজুরি করে জীবিকা নির্বাহ করছেন।

চর রাজিবপুর উপজেলার বাসিন্দা মোছাঃ জরিনা খাতুন বলেন, ‘বারবার ঘর হারিয়ে আর টিকে থাকা সম্ভব হচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা গৃহহীন হয়ে পড়বো।’

স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন বলেন, ‘মানুষ পাঁচ-ছয়বার পর্যন্ত স্থান পরিবর্তন করেছে। টেকসই বাঁধ নির্মাণ না হলে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দেবে।’

রৌমারী ও রাজিবপুর উপজেলার জনপ্রতিনিধিরাও ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন সংস্থার সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু বলেন, ‘ব্রহ্মপুত্র একটি অত্যন্ত অস্থির প্রকৃতির নদী। প্রতি বছর গড়ে প্রায় ৫০ মিটার করে তীর ভেঙে নদী প্রশস্ত হচ্ছে। এতে মানুষের বসতভিটা, কৃষিজমি ও সামাজিক অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদে এটি দারিদ্র্য ও মানবিক সংকটকে তীব্র করছে।’

তিনি আরও বলেন, ‘তীর সংরক্ষণের পাশাপাশি নদীর নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা জরুরি।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন, ‘ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।’

স্থানীয়দের আশা, প্রকল্পটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন হলে ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষা পাবে জেলার হাজারো মানুষ এবং স্থিতিশীলতা ফিরে আসবে চরাঞ্চলের জনজীবনে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ