বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) বিকেলে সরকারি গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি অ্যাডভোকেট মুকাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, জুলাইয়ে নিহত শহীদ রিপনের মা রাহেনা পারভীন, জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানি, নাজমুস সাকিব এবং জুলাইয়ে আহত পরিবারের সদস্য ওয়ালি ইসলাম রাজুর পিতা সাংবাদিক রাজ্জাক মাহমুদ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এই বাংলা/এমএস
টপিক