সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে ‘সুখী’র সঙ্গে ডায়াবেটিস সমিতির প্রাতিষ্ঠানিক চুক্তি

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ে গ্রামীণ হেলথটেক লিমিটেডের স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’র সঙ্গে পঞ্চগড় ডায়াবেটিস সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিস হাসপাতালের প্রাতিষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পঞ্চগড় ডায়াবেটিস সমিতির হলরুমে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় ডায়াবেটিস সমিতির সেক্রেটারি এ.কে.এম. আনোয়ারুল ইসলাম খায়ের। বিশেষ অতিথি ছিলেন সমিতির ট্রেজারার শাহজাহান খান, ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈম, হেলথ এডুকেটর রাহাত পারভেজ অপু, প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিবুজ্জামান সোহেল, হিসাবরক্ষক সোহেল রানা তালুকদার, স্টোর কিপার মো. রাশেদুল ইসলাম সুজন, যুগ্ম ট্রেজারার মো. আনোয়ার হোসেন এবং ল্যাবরেটরি ইনচার্জ এস.এম. সাদেকুজ্জামান সয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, চুক্তির মাধ্যমে ‘সুখী’ প্ল্যাটফর্মের সঙ্গে পঞ্চগড় ডায়াবেটিস সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিস হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম সমন্বয়ের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ, স্বাস্থ্যতথ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়াবেটিসসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পঞ্চগড় ডায়াবেটিস সমিতির সেক্রেটারি এ.কে.এম. আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, রোগীদের আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে সেবাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

যুগ্ম ট্রেজারার মো. আনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা এবং চিকিৎসাসংক্রান্ত তথ্যের সঠিক ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এসব কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ রয়েছে।

আধুনিক প্যাথলজি সেবা পরিদর্শন

চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের পঞ্চগড় ডায়াবেটিস সমিতির প্যাথলজি বিভাগের বিভিন্ন কার্যক্রম ও আধুনিক সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখানো হয়। এ সময় তারা আধুনিক ল্যাবরেটরি, বিভিন্ন ডায়াগনস্টিক যন্ত্রপাতি ও নতুন সংযোজিত সেবা সরেজমিনে পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানান, রোগীদের দ্রুত ও নির্ভুলভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দিতে প্যাথলজি বিভাগে আধুনিক প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। এতে একই প্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা করার সুযোগ বেড়েছে।

এ ছাড়া রোগীদের জন্য নতুন করে নরমাল ডেলিভারি সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেবার সঙ্গে প্রয়োজনীয় অবকাঠামো ও অপারেশন থিয়েটার সুবিধা সংযুক্ত করার কার্যক্রমও চলছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানের শেষপর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা উদ্যোগটিকে স্বাগত জানান এবং ভবিষ্যতে রোগীদের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর