বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হাসান সভাপতি, রাছেল সম্পাদক

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাছেল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নির্বাচন পরিচালনা কমিটি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে ১৯টি পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে সভাপতি পদে ‘রিকশা’ প্রতীকে মো. হাসান আলী ২ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাছেল পেয়েছেন ২ হাজার ১২১ ভোট।

নির্বাচনে কার্যকরী সভাপতি পদে মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক পদে মো. জিয়াউর রহমান জিয়া, অর্থ সম্পাদক পদে মো. আলমগীর কবির, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আয়নাল হক এবং শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম বুল্টু নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহসভাপতি পদে মো. আব্দুল জলিল ও মো. বাবুল হোসেন, সহসাধারণ সম্পাদক পদে মো. আব্দুল লতিফ ও মো. মজিদুল ইসলাম এবং সড়ক সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম, মো. নূরুজ্জামান ও মো. হাবিবুল ইসলাম নির্বাচিত হন।

কার্যকরী সদস্য পদে মো. আয়নাল হোসেন, এম এ মালেক মন্ডল ও মো. মজিদুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মো. বাবুল মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মো. সামছুল হক বাবুল নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. মো. মাহফুজার রহমান মজনু স্বাক্ষরিত ফলাফলপত্রে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সহিদুজ্জামান রাছেল বলেন, শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদের অধিকার ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মো. হাসান আলী বলেন, শ্রমিকরা যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। সংগঠনের সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার কথা জানান তিনি।

নির্বাচনকে ঘিরে শ্রমিক ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়