সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কিডনি রোগে আক্রান্ত ফরিদপুরের নগরকান্দার সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসার জন্য ২ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নগরকান্দা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষে অনুদানের অর্থ তুলে দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।

অনুষ্ঠানে বক্তব্য দেন এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, শামচুল হুদা হুদু, মাহাবুব আহাদ, আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল, তৈয়াবুর রহমান মাসুদ ও হেলালউদ্দীন হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।

আলোচনা সভা শেষে সাংবাদিক বোরহান আনিসের হাতে ২ লাখ টাকার অনুদান তুলে দেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

বোরহান আনিস নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক সমকালের নগরকান্দা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অসুস্থ সাংবাদিকের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নগরকান্দা উপজেলার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ