শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সড়ক দূর্ঘটনায় আহত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা হাসপাতালে, মিলছে না স্বজনদের সন্ধান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠি শহরের থানা রোডের সানাই কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় আহত এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারী বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সন্ধান পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা মা গত পাঁচ থেকে সাত দিন ধরে অসুস্থ অবস্থায় তীব্র শীতের মধ্যে রাস্তার পাশে পড়ে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান। এরপর থেকেই তিনি ওই স্থানে অসহায় অবস্থায় অবস্থান করছিলেন।

 

রোববার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি জানতে পেরে দৈনিক জাতীয় আজকের পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি মোঃ আরিফুর রহমান (রায়হান) ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, বৃদ্ধা মা তীব্র ঠান্ডা ও যন্ত্রণায় কাতরাচ্ছেন।

রাত গভীর হওয়ায় তাৎক্ষণিকভাবে কম্বলের ব্যবস্থা করা সম্ভব না হলেও, রায়হান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ করলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দ্রুত একটি কম্বলের ব্যবস্থা করেন।

 

পরদিন সোমবার (২৯ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে সব ব্যবস্থা করে তাকে অ্যাম্বুলেন্সযোগে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে রিপোর্টে দেখা যায়, তার কোমরে গুরুতর আঘাত রয়েছে, যার কারণে তিনি দাঁড়াতে পারছেন না।

বর্তমানে তিনি ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি মহিলা ওয়ার্ডের ৭ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানে কর্মরত সমাজসেবার কর্মকর্তা এবং আজকের পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান তার সার্বিক সেবাযত্ন করে যাচ্ছেন।

একই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে বুধবার (৩১ ডিসেম্বর) ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃদ্ধা মায়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার পরিচয়— নাম: রেনু, স্বামীর নাম: জাহাঙ্গীর মোল্লা, ছেলে-মেয়ের নাম: শহিদ, কবির ও শিল্পী, ঠিকানা: ভাসানচর (খলিসার পার) পিতার নাম: ছোহাব আলী কবিরাজ, পৈতৃক বাড়ি: প্যাদার বাড়ি, আনুমানিক বয়স: প্রায় ৬০ বছর

উল্লিখিত তথ্যের ভিত্তিতে তার পরিবারের সন্ধান করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—যোগাযোগ: মোঃ আরিফুর রহমান (রায়হান) মোবাইল: ০১৭৪৩৯৩২২৯২

এই বাংলা/এমএস

টপিক 

 

 

এই সম্পর্কিত আরো খবর