বরিশাল ব্যুরো :
আগামী ২ ডিসেম্বর বেলসপার্ক মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশকে ঘিরে বরিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। রবিবার বিকেলে আট দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির অগ্রগতি প্রত্যক্ষ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নেতারা স্টেজ নির্মাণ, প্যান্ডেল তৈরির কাজ, সাউন্ড সিস্টেম স্থাপন, গণমাধ্যমকর্মীদের নির্ধারিত স্থান, নিরাপত্তা ব্যবস্থা ও মাঠের শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন। মাঠের প্রতিটি প্রস্তুতিমূলক কাজে সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা জোবায়ের গালিব, মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেন।
নেতৃবৃন্দ বলেন, এ বিভাগীয় সমাবেশ স্মরণকালের বৃহত্তম সমাবেশে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর নেতাকর্মীরা সমাবেশ সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা জোরদার করা ও যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তারা আরও জানান, দেশের চলমান পরিস্থিতিতে ভবিষ্যৎ দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা এই সমাবেশ থেকে দেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

