নাগেশ্বরী প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে নাগেশ্বরী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ এবং উপজেলা ও পৌর জাসাসের পরিবেশনায় দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতি নুরুন্নবী দুলাল স্বাগত বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম আল-আমিন এবং নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল ইসলাম। তাদের উপস্থাপিত কর্মপরিকল্পনাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম দীপ মন্ডল, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম
তারা তাদের বক্তব্যে দক্ষ, শিক্ষিত, প্রশিক্ষিত পোলিং এজেন্ট নিয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং প্রয়োজনে রিজার্ভ পোলিং এজেন্ট রাখা প্রয়োজন বলে মত দেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রার্থী সাইফুর রহমান রানার সহধর্মিণী জনাবা শামিমা রহমান আপন। তিনি বলেন, “আপনারা প্রত্যেকে সাইফুর রহমান রানা। তাই ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের অস্তিত্ব রক্ষায় কাজ করতে হবে। নারী-পুরুষ সবারই নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন,
“আল্লাহতালা হয়তো আমাকে নেতা করার জন্যই সৃষ্টি করেছেন। আমি এমপি না হলেও আপনাদের নেতা হতে পেরেছি, এটাই আমার প্রাপ্তি। তবে যদি আপনারা আমাকে সংসদে পাঠান, আমি এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে নিব।”
সম্মেলনের সমাপ্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাইফুর রহমান রানার বিজয় এবং দেশ–জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
- বিএনপি
- প্রতিনিধি সম্মেলন

