গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাসান মামুন বলেছেন, “আমার চেয়ে যোগ্য কাউকে মনোনয়ন দিলে আমার আপত্তি নেই, কিন্তু কোন ভাড়াটিয়া প্রার্থী গলাচিপা-দশমিনায় মেনে নেওয়া হবে না।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” স্লোগানে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পানপট্টি ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানপট্টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিলসহ হাজারো নেতা–কর্মী ও নারী–পুরুষের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গলাচিপা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. সত্তার হাওলাদার|
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
জনসভায় হাসান মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া জরুরি।
সংখ্যালঘু জনগোষ্ঠীর উদ্দেশে তিনি বলেন, “বিএনপি আপনাদের নিরাপত্তা, অধিকার ও ভ্রাতৃত্ব বজায় রাখতে বরাবরই অঙ্গীকারবদ্ধ। ক্ষমতায় এলে গলাচিপা-দশমিনা সহ সারাদেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করা হবে।”
সভা শেষে নেতাকর্মীরা সরকারের পরিবর্তন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

