ঝালকাঠি প্রতিনিধি :
জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন ঘিরে প্রার্থী বাছাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছে বিএনপি। দলীয় হাইকমান্ড সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, জনগ্রহণযোগ্যতা, ক্লিন ইমেজ এবং সাংগঠনিক অবস্থান যাচাই-বাছাই করে মনোনয়ন চূড়ান্ত করছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য ও দলীয় মিডিয়া সেলের মূল্যায়নও গুরুত্ব পেয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর অংশ হিসেবে সম্প্রতি গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় কঠোর নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন—যে প্রার্থী মনোনয়ন পাবেন, তার পক্ষে সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।
সবশেষে ২৩৭টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ঝালকাঠি-২ (ঝালকাঠি–নলছিটি) আসনে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে, আর অন্যান্য কয়েকটি আসন শরিক দলের জন্য রাখা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দলে মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতা স্বাভাবিক হলেও মনোনয়ন না পেয়ে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করা শিষ্টাচারবিরোধী। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিপক্ষ সেটি নিজেদের সুবিধায় ব্যবহার করে।
ঝালকাঠির স্থানীয়দের মধ্যে ইলেন ভুট্টো মনোনয়ন পাওয়ায় স্বস্তির অনুভূতি দেখা গেছে। মনোনয়ন ঘোষণার পর তিনি স্থানীয় নেতা–কর্মী ও মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছেন।
দলের এক শীর্ষস্থানীয় নেতা জানান, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ক্লিন ইমেজের রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করেন। সবদিক বিবেচনা করেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
হাইকমান্ড মনোনয়ন বঞ্চিতদের হতাশ না হয়ে দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর সিদ্ধান্ত নেওয়ারও ইঙ্গিত দিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

