ঝালকাঠি প্রতিনিধি :
আজ ১৫ নভেম্বর—সুপার সাইক্লোন সিডরের সেই ভয়াল দিন। ২০০৭ সালের এই দিনে ঘূর্ণিঝড় সিডর উপকূলজুড়ে তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছিল ঘরবাড়ি, ফসল, গাছপালা ও অসংখ্য প্রাণ। ঝালকাঠির সর্বদক্ষিণের উপজেলা কাঠালিয়ার ক্ষয়ক্ষতি ছিল জেলার মধ্যে সবচেয়ে ভয়াবহ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেদিন সিডরের আঘাতে কাঠালিয়া পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। জেলায় নিহত ৫২ জনের বেশিরভাগই ছিলেন এই উপজেলার বাসিন্দা। আমুয়া বন্দরসহ পুরো উপজেলায় একটিও বাড়ি অক্ষত ছিল না। ভেঙে যায় ঘরবাড়ি, নিশ্চিহ্ন হয় গাছপালা ও পশুপাখি।
সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল বেড়িবাঁধের অনুপস্থিতি। সিডরের পরবর্তী সময়ে জরুরি ভিত্তিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের সুপারিশ করা হলেও দেড় যুগ পার হয়ে গেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলস্বরূপ এখনো স্বাভাবিক জোয়ারের পানিতেই ডুবে যায় উপজেলার বড় অংশ, ক্ষতিগ্রস্ত হয় কৃষি জমি ও বাড়িঘর।
অন্যদিকে, সাগরে সামান্য নিম্নচাপের খবর এলেই আতঙ্কে কেঁপে ওঠে বিষখালী নদীর তীরবর্তী এলাকার দুই লাখেরও বেশি মানুষ। প্রাণ ও জীবিকার নিরাপত্তাহীনতায় দীর্ঘ ১৭ বছর ধরে এই ভয় বহন করে চলছে তারা।
এই বাংলা/এমএস
টপিক

