নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর শহর শাখা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হাকিম, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল এবং কর্মপরিষদ সদস্য মো. সাদিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নাটোর জেলার আহ্বায়ক আব্দুল মান্নাফ, নাটোর শহর জামায়াতের আমির রাসেদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর নুরুন্নবী, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনি এবং ছাত্রশক্তির নেতা আব্দুস সামাদ শিশির।
সমাবেশে আব্দুল হাকিম বলেন, “জুলাই আমাদের প্রেরণা, জুলাই আমাদের চেতনা। জুলাই আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই চেতনাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা নিন্দনীয়। এর মাধ্যমে দুর্বৃত্তরা তাদের অপকর্মের পরিচয় জাতির সামনে তুলে ধরেছে।”
তিনি আরও বলেন, জুলাই স্মৃতিস্তম্ভসহ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল বলেন, “জুলাইয়ের স্মৃতি ও আত্মত্যাগ কোনোভাবেই মুছে ফেলা যাবে না। আগুন ও সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক চেতনাকে দমিয়ে রাখা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, অতীতের হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিচার ও জবাবদিহির মধ্য দিয়েই রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি অগ্নিসংযোগ, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সমাবেশ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এই বাংলা/এমএস