দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা ও লুটপাটের অভিযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় শহরের গোলচত্বর মাদ্রাসা মোড় থেকে জেলা জামায়াতের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান ও অধ্যাপক সাদেকুর রহমান, শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমির মীর নুরুন্নবী, লালপুর থানা আমির মাওলানা আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম থানা আমির মাওলানা হাবিবুর রহমান এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনিসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও লুটপাট জড়িত। দলটির উদ্দেশ্য নিরীহ মানুষ হত্যা, বাড়িঘরে আগুন দেওয়া এবং দেশকে অস্থিতিশীল করা। তাঁদের দাবি, বর্তমান বিএনপি সরকার দেশব্যাপী বিভিন্ন নাশকতা ঠেকাতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং মানুষের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে।
বক্তারা আরও বলেন, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি ডিসেম্বরে হঠাৎ দেশে ফিরবেন, আর দেশের মানুষ নীরব থাকবে—এমনটি হতে পারে না। তিনি দেশে ফিরলেও জনগণ তাঁকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন তাঁরা।
এই বাংলা/এমএস