বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশব্যাপী সহিংসতা, অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের চৌমুহনা দেওয়ানী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী। এতে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া।

এ ছাড়া বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান ও আবুর রাইয়ান শাহীন; পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ; সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির ও সেক্রেটারি মো. ইসমাইল আলী; রাজনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মিছবাহুল হাসান এবং ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দীন, শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ ও শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদ।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘জ্বালাও-পোড়াও রাজনীতি চলবে না’, ‘সারাদেশে হামলা কেন, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস নয় সংগ্রাম’ এবং ‘অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ছাত্র-জনতাকে সীসাঢালা প্রাচীরের মতো ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি অভিযোগ করেন, নিরপরাধ মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা কখনো জনগণের আস্থা অর্জন করতে পারেন না। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর