নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাধবপুর পালপাড়া কালিদুয়ার মাঠে বিএমবি ইটভাটার উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় আরজ আলীর ফসলি জমি থেকে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে লালপুর থানার এসআই গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
অভিযানকালে মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর ও দুটি ব্যাটারিও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনার সুজানগর উপজেলার কুমিরাগাড়ি দহেরপাড়া গ্রামের মো. আছিব হোসেন (২২), লালপুর উপজেলার রামকৃষ্ণপুর মণ্ডলপাড়া গ্রামের মো. সজীব আহমেদ (২২) এবং একই উপজেলার সন্তোষপুর গ্রামের মো. সোহানুর রহমান সোহান (২১)।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, আটক তিনজনকে বুধবার (২৫ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস