ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে নগরকান্দার রসুলপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পূর্ব তালমা এলাকার ইমরান লস্করের ছেলে। সে তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের বাড়ি শাকপালদিয়া এলাকায় বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আব্দুল্লাহর অকালমৃত্যুতে তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে বিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানিয়েছে।
এ ঘটনায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, একটি দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে।
এই বাংলা/এমএস