নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। হঠাৎ দুই দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে কেটে রাখা আমন ধান তলিয়ে গেছে। একই সঙ্গে পাকা ধান কাটতেও বাধার মুখে পড়েছেন কৃষকেরা।
এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকেরা। পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক বলেন, জমিতে ধান পেকে গিয়েছিল। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা থাকায় দ্রুত ধান ঘরে তোলার জন্য শ্রমিকদের বেশি টাকা দিয়ে ধান কাটাচ্ছিলাম। তাঁর মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘার ধান ঘরে তুলতে পেরেছেন। কিন্তু বাকি ৬ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় সেগুলো আর ঘরে তুলতে পারেননি।
ডাহিয়া ইউনিয়নের কৃষক আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, ধান পেকে গেছে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধান কাটা শুরু করতে পারছেন না। আবহাওয়া দ্রুত ভালো না হলে জমির ধান ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, আবহাওয়ার দ্রুত উন্নতি না হলে এবং সময়মতো ধান কাটতে না পারলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে।
হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দু-এক দিনের মধ্যে আবহাওয়া ঠিক হয়ে যাবে। এতে কৃষকদের তেমন ক্ষতি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস