চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৬-২৭ অর্থবছরের রবি ও শীতকালীন মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ। উপজেলা কৃষি দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. একরামুল হক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশাফুল ইসলাম।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) মো. আক্তারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা ও চিনাবাদাম এবং শীতকালীন মৌসুমে পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর চাষের আবাদ ও উৎপাদন বাড়াতে এ প্রণোদনা কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় ভোলাহাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষককে বিঘাপ্রতি বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।
কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি চাষের ক্ষেত্রে অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত একজন কৃষক একটি ফসলের জন্যই বীজ ও সার সহায়তা পাবেন। এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য দেওয়া হবে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। মসুর চাষের জন্য দেওয়া হবে ৫ কেজি মসুরের বীজ। আর খেসারি চাষের জন্য ৮ কেজি খেসারির বীজের সঙ্গে দেওয়া হবে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উৎপাদন খরচ কমানো ও অধিক ফলন নিশ্চিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার দেওয়ার ফলে রবি ও শীতকালীন ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি কৃষি উৎপাদন বাড়বে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষা, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে প্রণোদনার উপকরণ যেন প্রকৃত উপকারভোগী কৃষকদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
এই বাংলা/এমএস