বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরতে হবে: আবুল হাশেম বক্কর

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেছেন, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। তাঁকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর নিউমার্কেট মোড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহতের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোতোয়ালী থানা বিএনপি ও অঙ্গসংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

আবুল হাশেম বক্কর বলেন, শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ গত ১৭ বছর দেশে গুম, খুন, দুর্নীতি, লুটপাট ও ভোট ডাকাতির রাজনীতি করেছে। এখন আবার ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাস ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদের পুরোনো চেহারা আবারও জনগণের সামনে তুলে ধরেছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য, গোপন মিছিল কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আইন অনুযায়ী কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রকারী যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ফ্যাসিবাদ, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ। সব ধরনের নৈরাজ্যের প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণভাবে রাজপথে ও পাড়ায়-মহল্লায় থাকবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে তা প্রতিহত করা হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো গুজবে কান দেওয়া যাবে না। কেউ উসকানি দিলে উত্তেজিত না হয়ে ধৈর্য ও সংযমের সঙ্গে প্রতিবাদ জানাতে হবে।

কোতোয়ালী থানা বিএনপির সাবেক আহ্বায়ক মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবদুল মান্নান ও সিহাব উদ্দিন মুবিন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মহানগর বিএনপি নেতা শাহ আলম, আবদুল বাতেন, ইকবাল হোসেন, শফিক আহমদ, ইউনুছ চৌধুরী হাকিম, ইউসুফ সিকদার, আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খান, আকতার হোসেন, আলাউদ্দিন আলী নূর, খন্দকার নুরুল ইসলাম, সাদেকুর রহমান রিপন, আবদুল মান্নান, ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর আলী, হাজী আবুল ফয়েজ, সৈয়দ আবুল বসর, ইকবাল হোসেন সংগ্রাম, সাব্বির আহমদ, জসিম মিয়া, ওসমান গনি, জাহেদ মিয়া, মো. সালাউদ্দিন, মো. আনোয়ার, সুলতান মাহমুদ সুমন ও দিদারুল ইসলাম দিদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর