ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন যেতে না পেরে কক্সবাজারের ঘাট থেকে ফিরে গেছেন অনেক পর্যটক। তবে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে অথবা পরবর্তী সময়ে একই টিকিটে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে জাহাজ মালিকদের সংগঠন।
বৃহস্পতিবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে গিয়ে দেখা যায়, সেন্টমার্টিন রুটের পাঁচটি জাহাজ নোঙর করে রাখা হয়েছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় ঘাটে এসেও দ্বীপে যেতে পারেননি পর্যটকেরা। পরে তাদের ফিরে যেতে হয়।
ঢাকার বাসিন্দা পর্যটক মোহাম্মদ ইউসুফ বলেন, ভোরে পরিবারের সদস্যদের নিয়ে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে বাসে করে ঢাকা থেকে কক্সবাজারে এসেছেন। কিন্তু ঘাটে এসে জানতে পারেন, সেদিন কোনো জাহাজ চলবে না। টিকিট বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয়, আজ কক্সবাজারেই থাকতে হবে।
এদিকে বৃহস্পতিবার চারটি জাহাজে সেন্টমার্টিন যাওয়ার জন্য টিকিট কিনেছিলেন ১ হাজার ৩২১ জন পর্যটক। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, ওই দিন যেসব পর্যটক সেন্টমার্টিন যাওয়ার টিকিট কেটেছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তারা একই টিকিটে পরবর্তী সময়ে দ্বীপে যেতে পারবেন। কোনো কারণে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আবারও জাহাজ চলাচল শুরু হবে।
পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনার কারণে গত মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে দ্বীপে অবস্থান করা প্রায় এক হাজার পর্যটক সেখানে আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর এক বিজ্ঞপ্তিতে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাহাজ চলাচল বন্ধের এ নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের পাশাপাশি কক্সবাজার-মহেশখালী, পেকুয়া-কুতুবদিয়া, বাঁশখালী-কুতুবদিয়া, কুমিরা-গুপ্তছড়া ও চট্টগ্রাম-চরগজারিয়াসহ বিভিন্ন নৌপথ রয়েছে। এসব রুটে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে পর্যটকের সংখ্যা।
গত ১৩ নভেম্বর শুক্রবার চারটি জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেন। মৌসুম শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াত। বুধবারও চারটি জাহাজে করে ১ হাজার ২৪১ জন পর্যটক দ্বীপে গেছেন। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২ জন, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২ জন, এমভি টেকনাফে ১৪৫ জন এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন।
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের চাপ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত করতে পারবেন। এ সময় দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনেরও সুযোগ রয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। এ ছাড়া ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
এই বাংলা/এমএস