রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের নবনির্মিত চারতলা মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটিতে আনুষ্ঠানিকভাবে নামাজের কার্যক্রম শুরু হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বাস্তবায়নাধীন ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় মসজিদটি নির্মাণ করা হয়েছে।
জুমার নামাজ শেষে মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের নবনির্মিত মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের বাকি কাজও দ্রুত শেষ করা হবে। সব কাজ সম্পন্ন হলে শাহ মখদুম দরগাহ শরীফ দেশের অন্যতম সুন্দর ও দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্স হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম ও শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় মসজিদের মুসল্লিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজ চলমান থাকায় এত দিন দরগাহ শরীফের পূর্ব পাশে টিনশেডের অস্থায়ী মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন দরগাহ মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের উন্নয়নকাজ পরিদর্শন করেন। সে সময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশনা দেন। এরপর মসজিদের নির্মাণকাজ শেষ করে নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে নবনির্মিত মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হবে। অন্যদিকে, অস্থায়ী মসজিদের স্থানে দরগাহ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এর আওতায় দৃষ্টিনন্দন প্রবেশগেট ও চারতলা মসজিদের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে মাজার শরীফ, সীমানাপ্রাচীর, প্রশাসনিক ভবন ও ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে।
প্রকল্পটির মাধ্যমে দরগাহ শরীফের ঐতিহাসিক গুরুত্ব ও আধ্যাত্মিক পরিবেশ অক্ষুণ্ন রাখার পাশাপাশি সৌন্দর্যবর্ধন, অবকাঠামোগত উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস