শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ভাইকোরাম স্পোর্টিং ক্লাব

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। ফাইনালে টাইব্রেকারে মানিকগঞ্জের গড়পাড়া ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল সদর ভাইকোরাম স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে এ খেলার আয়োজন করে ভাদ্রা স্পোর্টিং ক্লাব। ফাইনালে মুখোমুখি হয় টাঙ্গাইল সদর ভাইকোরাম স্পোর্টিং ক্লাব ও মানিকগঞ্জের গড়পাড়া ফুটবল একাডেমি।

ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। খেলার উদ্বোধন করেন মোহাম্মদ মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাইম হজ্জ গ্রুপের চেয়ারম্যান মো. শাহীনুর রহমান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব নজরুল ইসলাম। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসান মাহমুদ চঞ্চল।

নির্ধারিত ৬০ মিনিটের খেলায় দুই দলই একটি করে গোল করে। ফলে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৫-৪ গোলে গড়পাড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে শিরোপা জিতে নেয় টাঙ্গাইল সদর ভাইকোরাম স্পোর্টিং ক্লাব।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকেরাও উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর