বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পীরগাছায় ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগে ৭১ জনের বিরুদ্ধে মামলা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
পীরগাছায় ৭০ বছরের বৃদ্ধের বাড়ি ও দোকানে হামলা / ছবি- সংগৃহীত

রংপুরের পীরগাছায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ৭০ বছর বয়সী এক প্রবীণের বাড়িতে দফায় দফায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় বাধা দিতে গিয়ে ওই প্রবীণ, তাঁর স্ত্রী-সন্তানসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল মজিদ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে পীরগাছা আমলি আদালতে সি.আর. মামলা করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পীরগাছা থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগাছার ৬ নম্বর তাম্বলপুর ইউনিয়নের রহমতচর গ্রামের মৃত ইমান ব্যাপারীর ছেলে আব্দুল মজিদের সঙ্গে প্রতিবেশী একটি প্রভাবশালী মহলের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, সহজ-সরল প্রবীণ হওয়ার সুযোগ নিয়ে প্রতিপক্ষ বিভিন্নভাবে তাঁর সম্পত্তি জবরদখলের চেষ্টা করে আসছিল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১ নভেম্বর বিকেলে আসামিরা দলবদ্ধ হয়ে অতর্কিতে আব্দুল মজিদের বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। একপর্যায়ে ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আসবাবপত্র পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর পরদিন, ২ নভেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে ফের আব্দুল মজিদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা দোকানের তালা ভেঙে নগদ টাকা, এলইডি টিভি, আইপিএস, সিসি ক্যামেরা, ফ্রিজ ও গবাদিপশুসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

হামলা ঠেকাতে এগিয়ে এলে প্রধান আসামির নির্দেশে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আব্দুল মজিদ, তাঁর স্ত্রী, সন্তান এবং কয়েকজন সাক্ষীকে মারধর করা হয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর