তিন বছরের অসুস্থ সন্তানকে বাঁচাতে দিশাহারা মা নার্গিস আক্তার। চিকিৎসকের পরামর্শে দ্রুত চোখের অস্ত্রোপচার প্রয়োজন মুহাম্মদ নুরুল কবিরের। অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন ফজল করিম। চিকিৎসা, সংসার ও জীবিকার সংকটে বিপর্যস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে উপস্থিত হয়ে নিজেদের সংকট ও প্রয়োজনের কথা তুলে ধরেন তাঁরা। কেউ সন্তানের চিকিৎসার জন্য, কেউ নিজের চিকিৎসা কিংবা জীবিকা নির্বাহের সহায়তা চাইতে, আবার কেউ পড়ালেখা চালিয়ে যাওয়ার আকুতি নিয়ে জেলা প্রশাসকের কাছে আসেন।
জেলা প্রশাসক সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা দেন। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন শারীরিকভাবে অসুস্থ ও অসহায় আটজন এবং একজন শিক্ষার্থীসহ মোট নয়জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে ১৬ জন সেবাপ্রত্যাশী সরাসরি অংশ নেন। অনলাইনে যুক্ত হন একজন প্রবাসী।
সন্তানের চিকিৎসায় অসহায় দুই মা
পাঁচলাইশ এলাকার নার্গিস আক্তারের তিন সন্তান। তাঁদের মধ্যে তিন বছর পাঁচ মাস বয়সী ছোট ছেলে আরাবী হোসেন আলিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। নার্গিস নিজেও হৃদরোগে ভুগছেন। তাঁর আবেদনে উল্লেখ করা হয়, প্রায় এক বছর ধরে স্বামী তাঁদের খোঁজখবর নেন না। কখনো অন্যের কাছে সহায়তা চেয়ে সংসার চালাতে হয় তাঁকে। সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে শেষ পর্যন্ত জেলা প্রশাসকের দ্বারস্থ হন তিনি।
অন্যদিকে, চাঁদগাঁও এলাকার তাহমিনা বেগমের শিশু সন্তান মোহাম্মদ ওসমান গণি আকাশ মস্তিষ্কের সংক্রমণে আক্রান্ত। গত ১৯ আগস্ট শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা আরও প্রায় এক বছর চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সন্তানের দেখাশোনার কারণে কাজ করতে না পারায় আর্থিক সংকটে পড়েছেন তাহমিনা।
দুই মায়ের অসহায়ত্বের কথা শুনে তাঁদের সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় নুরুল কবির
পটিয়ার চরকানাই এলাকার মুহাম্মদ নুরুল কবির ছোটবেলা থেকেই চোখের সমস্যায় ভুগছেন। বর্তমানে এক চোখে একেবারেই দেখতে পান না তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু সংসার চালানো, দুই সন্তানের পড়ালেখার খরচ, ব্যাংকঋণের কিস্তি ও চিকিৎসাব্যয় মেটাতে গিয়ে নিজের চিকিৎসা করানো তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।
চিকিৎসার জন্য দুই লাখ টাকা সহায়তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন নুরুল কবির। তাঁর পরিস্থিতি বিবেচনায় নিয়ে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
পা হারিয়ে কর্মহীন, বিপাকে পরিবার
সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে কর্মক্ষমতা হারিয়েছেন ফজল করিম। বন্ধ হয়ে গেছে তাঁর আয়রোজগার। চিকিৎসার ব্যয় ও পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি।
অন্যদিকে, বাকলিয়ার মুনমুন পক্ষাঘাতজনিত সমস্যার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অর্থাভাবে নিয়মিত ওষুধও কিনতে পারছেন না। তাঁদের দুজনের দুর্দশার কথা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
শিক্ষার্থীর পড়ালেখা ও শিক্ষকের চিকিৎসায় সহায়তা
রাঙ্গুনিয়ার চন্দ্রিমা সিংহ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বাবা গুরুতর অসুস্থ হওয়ায় পরিবারের আর্থিক সংকট দেখা দিয়েছে। এতে তাঁর পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর আগে শিক্ষাসহায়তার আবেদন করেও সহযোগিতা না পাওয়ায় আবারও গণশুনানিতে আসেন তিনি। পড়ালেখা অব্যাহত রাখতে তাঁকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া ইংরেজির শিক্ষক শেখ মুনতাসির তারেক বিন হাফিজ হেপাটাইটিস সি, পিত্তথলির পাথর ও ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসার জন্য ১২ সপ্তাহের ওষুধের কোর্স শুরু করলেও আর্থিক সংকটে তা চালিয়ে যেতে পারছেন না তিনি। তাঁর চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে সহায়তা করেন জেলা প্রশাসক। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত খাতুনগঞ্জের শাহানা বেগমকেও আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
প্রবাসীর অভিযোগ শুনে কর্মকর্তাদের নির্দেশ
চিকিৎসা ও শিক্ষাসহায়তার পাশাপাশি গণশুনানিতে জমি নিয়ে বিরোধ ও সম্পত্তি জবরদখলের অভিযোগও উঠে আসে। একজন প্রবাসী অনলাইনে যুক্ত হয়ে তাঁর অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলো শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তও দেওয়া হয়।
গণশুনানিতে আসা ব্যক্তিদের প্রত্যেকের সংকট আলাদা হলেও প্রত্যাশা ছিল একটাই—বিপদের সময়ে কেউ পাশে দাঁড়াবেন। এককালীন আর্থিক সহায়তায় তাঁদের দীর্ঘদিনের সমস্যার পুরোপুরি সমাধান না হলেও জেলা প্রশাসকের কাছ থেকে সরাসরি সহযোগিতা ও সহমর্মিতা পাওয়া তাঁদের জন্য স্বস্তির বিষয় হয়ে উঠেছে।
অসুস্থ সন্তানের চিকিৎসায় মায়ের আকুতি, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় থাকা বাবার অসহায়ত্ব, পা হারানো মানুষের জীবিকার সংকট কিংবা শিক্ষার্থীর পড়ালেখা চালিয়ে যাওয়ার লড়াই—সবই উঠে আসে এদিনের গণশুনানিতে। তাঁদের কথা শুনে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত তুলে ধরেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এই বাংলা/এমএস