মানিকগঞ্জের পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলার পর্যটন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে ‘পর্যটন সার্কিট’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বাস্তবায়নাধীন জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অংশীজনদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় জেলার পর্যটনকেন্দ্রগুলোর সম্ভাবনা, পর্যটন খাতের উন্নয়ন এবং কার্যকর ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনেরা আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সালমা সিদ্দিকা মাহতাব, এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আব্দুর রউফ মিয়া।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিনিয়র সহকারী সচিব বিবি করিমুন্নেছা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর হোসেন।
সভায় আরও বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী এবং সাংবাদিক লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা পেশার অংশীজনেরা অংশ নেন।
সভায় মানিকগঞ্জের ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে সমন্বিতভাবে পর্যটন সার্কিটের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা জানান, ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িসহ জেলার সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে কেন্দ্র করে একটি মেগা প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটির কাজ দ্রুত শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
এই বাংলা/এমএস