রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

নাগরপুরে আগুনে পুড়ল চার ঘর ও তিন গরু, ১০ লাখ টাকার ক্ষতির দাবি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে চারটি ঘর ও তিনটি গরু পুড়ে গেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম উত্তর পাড়ায় মো. তারা মিয়া ও মো. সোমেশ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা বাড়ির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও তিনটি গরু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত তারা মিয়া জানান, আগুনে তিনটি গরুসহ ঘরের মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে আমার পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।’

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অনয় কুমার ঘোষ বলেন, খবর পেয়ে একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে তিনটি গরুসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর