শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দেবীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামি শ্বশুর জামালপুরে গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি ও নিহতের শ্বশুর মো. দেলোয়ার হোসেনকে (৫৫) জামালপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত-আট মাস আগে দেবীগঞ্জ উপজেলার খন্ডপাড়া খারিজা ভাজনী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মো. শাহিনুর ইসলামের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন এবং তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হলে মেয়ের পরিবার কিস্তিতে তিন লাখ ২০ হাজার টাকা পরিশোধ করে। বাকি টাকা না দেওয়ায় নির্যাতন অব্যাহত থাকে। পরিবারের পক্ষ থেকে বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আসামিরা ওই গৃহবধূকে মারধর করেন। পরে প্লাস্টিকের রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১০।

এসআরবি জানায়, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ (সিপিসি-১, জামালপুর) ও এসআরবি-১৩ (সিপিসি-২, নীলফামারী)-এর একটি যৌথ দল শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জামালপুরের ইসলামপুর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর