সারা দেশের মতো পঞ্চগড়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
দিবসটি উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সায়েম, সিভিল সার্জন মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং বিএনপি নেতা আদম শফি। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় জীবনে বিপ্লব ও সংহতির গুরুত্ব এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে বক্তারা দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সংহতি বজায় রাখার আহ্বান জানান।
এই বাংলা/এমএস