মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারবিধি ও সুযোগ-সুবিধা তুলে ধরতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাটুরিয়া কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মুক্তি, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী এবং সাংবাদিক সমিতির সাটুরিয়া শাখার সাধারণ সম্পাদক মো. খোকন।
সভায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের কার্যক্রম, সঠিক ব্যবহারবিধি ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মিটার ব্যবহারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস