মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জিয়নপুর ও বাচামারা ইউনিয়নের ৬৫ জন নারী উদ্যোক্তার মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক ও বাণিজ্যিকভাবে পুষ্টির চাহিদা পূরণে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে জিয়নপুর ইউনিয়নের বৈন্যা ঘাটে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে দুই ইউনিয়নের প্রত্যেক নারী উদ্যোক্তাকে দুটি করে মোট ১৩০টি ছাগল দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম। তিনি বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করতে পারলে পরিবারগুলোর বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণেও সহায়ক হবে। খামারি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহ আলম, প্রেসক্লাবের সহসভাপতি মো. নূরুল ইসলাম, অফিস সহকারী মো. শামিম হোসেন, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ছাগল পেয়ে সুবিধাভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই বাংলা/এমএস