শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, ইরান বলছে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন নেই

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। ২০২৪ সালের নির্বাচনের পর দুই কক্ষের নিয়ন্ত্রণ ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির হাতে।

তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন দেশটির নেতারা। তাঁদের মতে, ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। ক্ষমতায় যে দলই থাকুক, যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন হবে না।

ইরানের নেতারা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাঁদের প্রতিরোধ অব্যাহত থাকবে। এখন পর্যন্ত দুই দেশের সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি।

এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে অভিযান অব্যাহত রেখেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালিতে আরও দুটি জাহাজে আগুন লেগেছে।

আইআরজিসির দাবি, অনুমোদনহীন পথে চলাচলের সময় একটি সুপার ট্যাংকার মাইনের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। পরে ট্যাংকারটিকে উদ্ধারে এগিয়ে গেলে একটি টাগবোটেও আগুন লাগে।

এ ছাড়া হরমুজ প্রণালিতে দুটি লুকাস ড্রোন ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি। এসব ঘটনায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তাৎক্ষণিক কোনো প্রভাব পড়েনি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন করে হামলার আশঙ্কার কথা বলা হয়েছিল। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি।

সূত্র: আলজাজিরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর