জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, বিদ্রোহী চেতনা ও সাংবাদিকতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাক আহম্মেদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সহকারী পরিচালক মো. শাহাদত হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল এবং ডা. নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, গান, সাংবাদিকতা ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। তাঁরা নজরুলের সাহিত্যকর্মে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজ গঠনের যে বার্তা উঠে এসেছে, তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ। তাঁর লেখনী ও সংগীত আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে অনুপ্রেরণা জোগায়। নজরুলের জীবন ও আদর্শ চর্চার মাধ্যমে সমাজে সাম্য, সম্প্রীতি ও মানবিক চেতনার বিকাশ ঘটানো সম্ভব।
এই বাংলা/এমএস