ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৬০ বছর ধরে ব্যবহৃত এই ভোটকেন্দ্রটি সম্প্রতি অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেন তাঁরা। একই সঙ্গে কেন্দ্রটি পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
বিক্ষোভে বক্তব্য দেন সাবেক শিক্ষক মো. বেলায়েত হোসেন, মধ্য গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এবং স্থানীয় যুবক মো. জুলকার নাইম জেমস।
বক্তারা বলেন, শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ১ হাজার ৫০০ ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় ১ হাজার ৩৫০ জন ভোটার এই কেন্দ্রের আশপাশে বসবাস করেন। কেন্দ্রটি ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ১৯৬৫ সাল থেকে এখানে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ হয়ে আসছে।
তাঁদের দাবি, মধ্য গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও যাতায়াতব্যবস্থা ভালো। বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ, বিদ্যুৎ, ইন্টারনেট, সৌরবিদ্যুৎ, ওয়াশ ব্লক ও খেলার মাঠ রয়েছে। এত সুবিধা থাকা সত্ত্বেও গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে মিরাজ হোসেন নামের এক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্রটি গুয়াটনের হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজে স্থানান্তর করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটি স্থানান্তরের ফলে ভোটারদের ভোগান্তি বাড়তে পারে। তাই তাঁরা পুরোনো কেন্দ্রটি পুনর্বহালের দাবি জানিয়েছেন। এ দাবিতে প্রায় শতাধিক ব্যক্তি জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে ঝালকাঠির জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, যাতায়াতের সমস্যার কারণে সাময়িকভাবে ভোটকেন্দ্রটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে। সেতু ও সড়কের অবস্থা ভালো হলে আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রটি পুনর্বহাল করা যেতে পারে।
এই বাংলা/এমএস