বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মাহাবুবুর রহমান রানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল মোড় থেকে র্যালিটি শুরু হয়। পরে নতুন বাজার ও গাঙ্গিনারপাড় হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে অংশ নেন।
র্যালি চলাকালে ‘তারেক রহমানের সালাম নিন’ ও ‘যুবদলের জন্মদিন শুভ হোক’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজক মাহাবুবুর রহমান রানা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে ১৯৭৮ সালে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আদর্শ বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনের সারিতে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা শপথ নিচ্ছি, দেশ ও জনগণের জন্য রাজপথে থাকব।”
র্যালিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা পর্যায়ের যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই বাংলা/এমএস