চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় প্রযুক্তিনির্ভর অনুসন্ধান চালিয়ে হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জেলার ১৭টি থানায় মোবাইল হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মো. মাসুদ আলম সংশ্লিষ্টদের কাছে উদ্ধার করা ফোন হস্তান্তর করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার মাসুদ আলম। এরই ধারাবাহিকতায় তাঁর দিকনির্দেশনায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।
অভিযানের অংশ হিসেবে জেলার ১৭টি থানায় দায়ের করা মোবাইল হারানোর জিডিগুলো পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে নিবিড় অনুসন্ধান চালিয়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেন ডিবি সদস্যরা।
দীর্ঘ অনুসন্ধানের পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকেরা। এ সময় তাঁরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।
পুলিশের জনমুখী সেবা জোরদার ও জনগণের আস্থা অর্জনে প্রযুক্তিনির্ভর পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এই বাংলা/এমএস