বরগুনার বেতাগীতে জাটকা ও মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানের মধ্যেও নদীর দুই পাড়ে অবস্থান নিয়ে টর্চলাইটের মাধ্যমে সংকেত দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া অভিযানকারী দল কখন নদী থেকে ফিরে যায় এবং কোন পথে যায়, সে তথ্য স্থানীয় কিছু দোকানদার ও ক্রেতা সরবরাহ করছেন বলেও জানা গেছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে নির্ধারিত নিষেধাজ্ঞা মেনে চলা জরুরি। এ সময় ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। অন্যদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা ও কেনাবেচা কিংবা অভিযানে বাধা দেওয়া দেশের মৎস্যসম্পদের জন্য হুমকিস্বরূপ।
বেতাগী প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করার ঘটনায় যেসব জেলের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদের মৎস্য কার্ড বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইলিশের উৎপাদন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষায় সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।
এই বাংলা/এমএস