রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির ৩২ পূজামণ্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় ৩২টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দমুখর ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সহযোগিতা করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

সেনাবাহিনীর এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পার্বত্য চট্টগ্রামের বহুজাতিক ও বহুধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও আস্থার পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান সেই কার্যক্রমেরই অংশ।

বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব। খাগড়াছড়ি রিজিয়নের এ উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সব সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর