শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি সাজেদুল মিয়া (৩৫)-কে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-৩-এর সদস্যরা। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের সদর থানার ভাওয়াল মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজেদুল মিয়ার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে।
এসআরবি-১৪-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগরপুর উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি সাজেদুল মিয়া। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় শিশুটির বাবা আদালতে পিটিশন মামলা করেন। আদালতের আদেশে ৬ অক্টোবর নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্তের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করেন এসআরবি-১৪-এর সদস্যরা। পরে ১১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এসআরবি-১, সিপিসি, পোড়াবাড়ী ক্যাম্পের সহায়তায় গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।
এই বাংলা/এমএস