মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, “জবাবদিহির বাইরে কেউ নন—এমনকি আমিও নই। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনার ওপর জোর দিতে হবে।”

শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে বহুমুখী জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী দিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. ওমর ফারুক সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম।

রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন।

শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক অরবিন্দ হাওলাদার, মো. কামরুজ্জামান পলাশ, মো. কবির হোসেন ও মো. বাবুল হাওলাদার। এ ছাড়া অধ্যক্ষ মাওলানা মো. ওবায়দুল হক অদুদ ও আব্দুল হালিম, এ কে এম কামরুজ্জামান এবং অধ্যাপক মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর